তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে প্লাবিত হতে পারে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পাউবো জানিয়েছে, স্থল নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে।
এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।তিস্তা নদীর পানি সমতল আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে।
অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৫ দিন হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৫ দিন হ্রাস পেতে পারে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে সুরমা নদীর পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।