ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা আছে। এ মামলায় উল্লিখিত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ কথা জানান তিনি।
হামলার সময় পুলিশ উপস্থিত ছিল- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা দেখছি পুলিশের কোনো অবহেলা ছিল কি না এবং তারা সময়মতো এসেছিল কি না। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এ ছাড়াও এক দিনের সময় দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, দল দেখব না, মত দেখব না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসব। কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।
এর আগে, গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। পরদিন ক্লিনিকের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় হানিফ মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়া হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, হামলা, লুটপাট ও ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।