দেশে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯১০ জন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৩০ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৪৬৪ জন।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ পাওয়া গেছে ৯৬১ জনের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।