নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ ও প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, একটি নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের স্বাধীনতার ওপর। তাই হিসাব পেশাজীবীদের সত্যনিষ্ঠ প্রতিবেদন তৈরি এবং যেকোনো ধরনের অনৈতিক চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে।
আজ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানসম্মত আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি ও পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ গড়ে তুলতে হবে।
দেশের আর্থিক খাতের অতীত অনিয়ম তুলে ধরে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে ২০২৪ সালের শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
রাষ্ট্রপতি বলেন, অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং খেলাপি ঋণ মোকাবিলায় সরকার কাজ করছে। আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।