সীমান্তের ওপার থেকে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত পুলিশ ও বিজিবি সদস্যদের হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
পুলিশের হিসাবে, চলতি বছরের প্রথম দশ মাসে বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে ৪৮৪টি। বিদেশ থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতায় উসকানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ বলছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে মাত্র দুই দিনের ব্যবধানে দুটি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানায় থাকা ১০টি যানবাহন। ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ নথিপত্র ও পুলিশি স্থাপনা। এসব ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে কেউ নাশকতার চেষ্টা করলে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদেশ থেকে একটি চক্র দেশে উসকানি দিচ্ছে। এসময় পুলিশের ওপর হামলা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।