দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের সময়ে অন্যান্য খাতের মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এ সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই মূল কারিগর। শিক্ষার আধুনিকায়নে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করছে। তবে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরই।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।