চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে সোহেলী তামান্না নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মো. ছানোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানা এলাকায় ২০০ থেকে ৩০০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ওই সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। এ ছাড়া তিনি পিঠে গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ২০২৫ সালের ৭ জুলাই ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।