চীনের দুর্গম তিব্বত অঞ্চলে বৃহস্পতিবার ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩২ জন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে একটি পার্বত্য এলাকায়।
আঞ্চলিক রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। এ ছাড়া পাথরধসের কারণে ওই অঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
এর আগে, ২০২৩ সালে চীনের পার্বত্য গানসু প্রদেশে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে অন্তত ১২০ জনের প্রাণহানির ঘটনা হয়।
এছাড়া, দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিব্বতে ৪৩ জনের প্রাণহানি হয়েছে।