ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার গভীর রাতে হাসপাতালে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত ৪১ বছর বয়সি আলম শেখ নামের ওই ব্যক্তিকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করেছে তার পরিবার।
ঘটনার বিষয়ে পুলিশ বলছে, রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনরা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে কোনো ‘সদুত্তর দিতে পারেননি’। তখন একদলব্যক্তি আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
নিহত আলম শেখ ঢাকার রূপনগরের এলাকার বাসিন্দা। তার লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।