একজন মা জিতলেন মুকুট, মিস ইউনিভার্সের নতুন অধ্যায়

একজন মা জিতলেন মুকুট, মিস ইউনিভার্সের নতুন অধ্যায়

মাতৃত্ব যে কোনো নারীর স্বপ্নপূরণ কিংবা পেশাগত অগ্রযাত্রার পথে বাধা নয়, বিশ্বমঞ্চে সেই বার্তাই যেন দিলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। সাত বছর বয়সী মেয়ের মা, পেশায় মনোবিজ্ঞানী এবং মার্কিন সেনাবাহিনীর সদস্য জেনিফার এবার জিতে নিয়েছেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে তাঁর এই জয় সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না জেনিফারের। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার র‍্যাম্পে হাঁটেন তিনি। মাত্র চার মাসের প্রস্তুতিতে পুয়ের্তো রিকোর জাতীয় প্রতিযোগিতায় সেরা হন। এরপর বিশ্বমঞ্চেও ছিনিয়ে নেন শ্রেষ্ঠত্বের মুকুট।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের জোসে মিগেল আগ্রেলট কলোসিয়ামে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হয় প্রতিযোগিতা। বিজয়ী জেনিফারের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন মেক্সিকোর ফাতিমা বশ।

যেভাবে এলেন সেরার তালিকায়
এবারের আসরে অংশ নেন ১১৬ জন প্রতিযোগী। কয়েকটি ধাপ পেরিয়ে প্রথমে সেরা ৩০, এরপর সাঁতারের পোশাক পর্বের মাধ্যমে সেরা ১২ নির্বাচন করা হয়। সন্ধ্যার পোশাক পর্ব শেষে চূড়ান্ত পাঁচে জায়গা করে নেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান-উইন্ডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ।

সেরা পাঁচের প্রত্যেককে দুটি করে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি উত্তরের জন্য সময় বরাদ্দ ছিল ৩০ সেকেন্ড। দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ক্রমেই বাড়তে থাকলে মানুষের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি ধরে রাখা প্রয়োজন—জেনিফারের কাছে জানতে চান বিচারকেরা।
জবাবে, প্রতিযোগিতায় তাঁর সামগ্রিক পারফরম্যান্স এবং বিচারকদের মূল্যায়ন—সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত বিজয়ী হন জেনিফার।

প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। চতুর্থ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং পঞ্চম নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

সাত বছরের মেয়ের মা, পেশায় মনোবিজ্ঞানী
জেনিফারের পুরো নাম জেনিফার আব্রেউ মোরা। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম তাঁর। ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিল্লা এলাকায় কেটেছে শৈশব ও বেড়ে ওঠার দিনগুলো।
মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। পারিবারিক সহিংসতা, শিশু সুরক্ষা, ট্রমা এবং আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়েও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

পেশাগত জীবনে মনোবিজ্ঞানী হিসেবে কাজ করার পাশাপাশি মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধমূলক সেবার সঙ্গে যুক্ত জেনিফার। পুয়ের্তো রিকো পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও কাজ করেন তিনি। স্বামী জ্যঁ কার্লোস বারেত্তোর সঙ্গে তাঁর সংসার। তাঁদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপি।

জেনিফারের কাছে মাতৃত্ব কেবল ব্যক্তিগত পরিচয়ের একটি অংশ নয়, বরং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ শক্তি। তিনি মনে করেন, মা হওয়ার অর্থ নিজের স্বপ্ন কিংবা পেশাগত লক্ষ্য থেকে সরে দাঁড়ানো নয়। মিস ইউনিভার্সের মঞ্চকে তাই তিনি নারীদের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখেছেন।

কাজ করতে চান মানসিক স্বাস্থ্য নিয়ে
মিস ইউনিভার্স হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অন্যতম প্রধান বিষয় করতে চান জেনিফার। বিশেষ করে শিশু ও পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো এবং এ বিষয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

সৌন্দর্য প্রতিযোগিতায় আসার আগে নিজের জীবনেও বড় পরিবর্তন এনেছেন এই বিজয়ী। জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রায় ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন। তবে তাঁর কাছে এই পরিবর্তন কেবল শারীরিক সৌন্দর্যের বিষয় ছিল না; বরং আত্মবিশ্বাস অর্জন এবং নিজের সক্ষমতার ওপর বিশ্বাস তৈরিরও একটি যাত্রা।

কাগুয়াসের সেন্ট্রো দে বেয়াস আর্তেসে অনুষ্ঠিত পুয়ের্তো রিকোর জাতীয় প্রতিযোগিতায় সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করেন জেনিফার। শুরুতে তাঁর লক্ষ্য ছিল নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের জন্য একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা। সেই লক্ষ্য নিয়েই শুরু করা যাত্রা শেষ পর্যন্ত তাঁকে পৌঁছে দেয় বিশ্বের সবচেয়ে আলোচিত সৌন্দর্য প্রতিযোগিতার শীর্ষে।

জাতীয় প্রতিযোগিতায় তাঁর পোশাকেও ফুটে উঠেছিল পুয়ের্তো রিকোর সাংস্কৃতিক পরিচয়। জাতীয় পোশাকের নকশায় দেশটির পরিচিত সংবেদনশীল উদ্ভিদ ‘মরিভিভি’ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছিল।

মিস ইউনিভার্সে মায়েদের অংশগ্রহণের নতুন অধ্যায়
জেনিফারের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ আরও একটি কারণে। দীর্ঘদিন বিবাহিত নারী ও মায়েদের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল না। ২০২৩ সালে নিয়ম পরিবর্তনের মাধ্যমে সেই বাধা তুলে নেওয়া হয়। পরের বছর প্রতিযোগীদের সর্বোচ্চ বয়সসীমাও বাতিল করা হয়।

এবারের আসরে সাতজন মা অংশ নেন। তাঁদের একজন জেনিফার। তাঁর বিজয় প্রমাণ করে, মাতৃত্বের পাশাপাশি একজন নারী নিজের পেশা, স্বপ্ন ও ব্যক্তিগত লক্ষ্য নিয়েও সমানভাবে এগিয়ে যেতে পারেন।

শৈশব থেকেই মিস ইউনিভার্স প্রতিযোগিতার ভক্ত ছিলেন জেনিফার। মায়ের সঙ্গে টেলিভিশনে এই প্রতিযোগিতা দেখতে দেখতে একসময় তাঁর কাছে মিস ইউনিভার্স হয়ে ওঠে নারীদের ‘অলিম্পিক’। নিজের বেড়ে ওঠার পেছনে দাদার অবদানের কথাও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তিনি।

পুয়ের্তো রিকোর মুকুটজয়ের ইতিহাসে নতুন নাম
জেনিফারের বিজয়ের মধ্য দিয়ে মিস ইউনিভার্সে পুয়ের্তো রিকোর সাফল্যের ইতিহাস আরও সমৃদ্ধ হলো। এর আগে অঞ্চলটি থেকে পাঁচজন নারী এই মুকুট জিতেছেন। তাঁরা হলেন—মারিসল মালারেত (১৯৭০), ডেবোরা কার্থি-ডিউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইনোনেস (২০০১) এবং জুলেইকা রিভেরা (২০০৬)।

২০০১ সালে পুয়ের্তো রিকোতেই অনুষ্ঠিত হয়েছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সেবার নিজেদের মাটিতে মুকুট জিতেছিলেন ডেনিস কুইনোনেস। ২৫ বছর পর আবারও ঘরের মাঠে বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের

১

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

২

জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে চাঞ্চল্যকর বর্ণনা

৩

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪১২

৪

কথার আড়ালে মনের খবর বুঝবেন যেভাবে

৫

নতুন পুলিশ সুপার নিয়োগ সাত জেলায়,বদলি-পদায়নে ১৪ পুলিশ কর্মকর্তা

৬

ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও বাহিনীর সদস্যদের ওপর কঠোর নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে ইসির আমন্ত্রণ

৮

১০০ বার পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৯

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

১০

একজন মা জিতলেন মুকুট, মিস ইউনিভার্সের নতুন অধ্যায়

১১

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।