রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) এক দিনের শুনানি শেষে রাষ্ট্র ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, অপরাধের পুরো ঘটনা সম্পর্কে স্বপ্না অবগত ছিলেন। বিষয়টি জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্নাও এ অপরাধের সঙ্গে জড়িত। এ কারণে দুই আসামির সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায়, গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায়ের পর ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।