তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাবে নিজেদের অবস্থান বজায় রেখেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এ শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়টিও আলোচনায় স্থান পায়।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ বৈঠকে মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেন।
তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করছেন না শ্রমিক প্রতিনিধিরা। তাদের মতে, প্রস্তাবিত মজুরি শ্রমিকদের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়।
দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় আগের বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর বিষয়ে সম্মত হন উভয় পক্ষ।
মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় দুই পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় করে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে অগ্রগতি হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন পোশাকশিল্পের শ্রমিকরা।