ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সংঘটিত এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশের রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাতেও কম্পনের প্রভাব শনাক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সকালে রংপুর ও আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি অধিদপ্তরের পর্যবেক্ষণ ব্যবস্থায় রাজধানী ঢাকাতেও ভূমিকম্পের সংকেত শনাক্ত হয়েছে।
পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঢাকার প্রায় ৫১৬ কিলোমিটার উত্তর-উত্তরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
বাংলাদেশ ছাড়াও ভূমিকম্পের প্রভাব ভারতের বিভিন্ন অঞ্চল, নেপাল, ভুটান ও চীনের কিছু এলাকায় অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।