বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা : এনসিটিবি চেয়ারম্যান

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা : এনসিটিবি চেয়ারম্যান

২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণ করা হতে পারে। বিশেষ করে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।

এনসিটিবির তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের ছাপা ও সরবরাহের কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ি স্তরের ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় ৯২ শতাংশ বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪টি ব্রেইল বই ছাপানোর কাজ চলছে।

বই বিতরণের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান বলেন, আগে ১ জানুয়ারি বই উৎসব আয়োজনকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় করা হতো। অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সরকারি নীতির অংশ হিসেবে এবার বড় পরিসরে উৎসব আয়োজনের পরিবর্তে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, স্কুলগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। সে অনুযায়ী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে বই বিতরণের চূড়ান্ত তারিখ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পর ঘোষণা করা হবে। সরকার যখনই সিদ্ধান্ত দেবে, তখনই বই বিতরণে এনসিটিবি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এনসিটিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই উপজেলা পর্যায়ে সরবরাহ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বই বিতরণে আগের বছরের অনিয়ম ও বিলম্বের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতীতে অনেক সময় অল্প কিছু বই কিংবা রেপ্লিকা দেখিয়ে বই উৎসবের আয়োজন করা হতো। অথচ বাকি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে মার্চ বা এপ্রিল পর্যন্ত সময় লেগে যেত। এবার শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।

নতুন পাঠ্যবইয়ের গুণগত মান প্রসঙ্গে অধ্যাপক ফখরুল মাওলা বলেন, কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং বই সহজে ছিঁড়ে যায় কি না—এসব বিষয় যাচাই করেই মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার বইয়ের গুণগত মান আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করাকে এনসিটিবির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন চেয়ারম্যান।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে পাঠ্যবই পরিমার্জন, মুদ্রণ ও সরবরাহের কাজ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নতুন বই ও শিক্ষাক্রমের পরিবর্তন সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য।

এ ছাড়া কারিগরি শিক্ষার বই ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কাজও চলছে। এ লক্ষ্যে বিশ্বের ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান।

সূত্র: বাসস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

২

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৩

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৪

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৫

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

৬

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

৭

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৮

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত, ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩

৯

গাজীপুরে ফের সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বন্ধ কয়েকটি কারখানা

১০

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা : এনসিটিবি চেয়ারম্যান

১১

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।