৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞের ৩৬ বছর পর নতুন সূত্র মিলেছে। পূর্বাঞ্চলের কুরুক্কালমাদামে একটি গণকবর থেকে কাটা দাগযুক্ত কঙ্কালের হাড়গোড় উদ্ধারের পর আবারও সামনে এসেছে তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর হাতে শত শত মুসলিম হত্যার ঘটনা। নিখোঁজ স্বজনদের ভাগ্যে কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁদের পরিবারের সদস্যরা।

দুই ভাইয়ের নিখোঁজ হওয়ার স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া। ১৯৯০ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তাঁর ছোট দুই ভাইয়ের একজন নিহত হন, অন্যজন নিখোঁজ হন। দীর্ঘ অপেক্ষার পরও তাঁদের কোনো সন্ধান পাননি তিনি।

এখন ৬০ বছর বয়সী হিনায়ার কাছে ন্যায়বিচারের প্রত্যাশার চেয়ে বড় হয়ে উঠেছে ভাইদের মরদেহের সন্ধান পাওয়া। তিনি চান, তাঁদের দেহাবশেষ উদ্ধার করে ইসলামি রীতি অনুযায়ী দাফন করতে। হিনায়ার ভাষায়, ‘আমি ওদের মর্যাদার সঙ্গে কবর দিতে চাই।’

srilanka11111111
 

সম্প্রতি কুরুক্কালমাদামের একটি গণকবর থেকে কঙ্কালের হাড়গোড় উদ্ধারের পর নতুন করে আশাবাদী হয়েছেন তিনি। আদালতের নিয়োগ দেওয়া প্রত্নতাত্ত্বিক দল সেখানে খননকাজ চালিয়ে কাটা দাগযুক্ত কঙ্কালের সন্ধান পেয়েছে। ঘটনাটি শ্রীলঙ্কার মুসলিমদের ওপর নব্বইয়ের দশকে চালানো হত্যাযজ্ঞের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে।

গৃহযুদ্ধের আড়ালে মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ
১৯৮৩ সালে পৃথক রাষ্ট্রের দাবিতে তামিল বিদ্রোহীদের সঙ্গে শ্রীলঙ্কার সরকারি বাহিনীর সংঘাত শুরু হয়। প্রায় ২৬ বছর ধরে চলা এই গৃহযুদ্ধের অবসান ঘটে ২০০৯ সালে, যখন সরকারি বাহিনীর কাছে পরাজিত হয় লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)। দীর্ঘ এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারান, যাঁদের বড় অংশই ছিলেন বেসামরিক নাগরিক।

যুদ্ধের বিভিন্ন পর্যায়ে শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে তামিল জনগোষ্ঠীর ওপর যুদ্ধাপরাধের অভিযোগ ওঠে। অন্যদিকে, এলটিটিইর বিরুদ্ধে ছিল বোমা হামলা, অপহরণ ও হত্যাকাণ্ডের অভিযোগ। ১৯৯৩ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা এবং ১৯৯১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও এই গোষ্ঠীর হামলায় নিহত হন।

তবে গৃহযুদ্ধের ইতিহাসে মুসলিমদের ওপর এলটিটিইর চালানো হত্যাযজ্ঞ দীর্ঘদিন তুলনামূলকভাবে আড়ালে থেকে গেছে। নব্বইয়ের দশকের শুরুতে কুরুক্কালমাদাম, কাত্তানকুডি ও ইরাভুরে মুসলিমদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায় সংগঠনটি। অনেককে প্রথমে অপহরণ করা হতো, পরে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। নিখোঁজ এসব মানুষের অনেকের মরদেহ আজও উদ্ধার হয়নি।

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জ্যাকি ফাউজ মনে করেন, এখন সবচেয়ে জরুরি হলো উদ্ধার হওয়া কঙ্কালগুলোর পরিচয় শনাক্ত করা। কী ঘটেছিল, তা নির্ধারণ করে সংশ্লিষ্ট পরিবারগুলোকে জানানো প্রয়োজন।

দুই ভাইকে হারানোর সেই দিন
ছয় ভাই-বোনের পরিবারে ফৌজুল আমির ও আবদুর রউফ ছিলেন হিনায়ার ছোট দুই ভাই। তাঁদের বাবা হায়াত মোহাম্মদ ছিলেন কাঠুরে। অনিয়মিত আয়ের কারণে সংসার চালাতে দুই ভাইও কাজ করতেন।

পোশাক বিক্রির জন্য বাড়ি থেকে প্রায় ৫৮ কিলোমিটার দূরের আক্কারাইপাত্তু শহরে যেতেন আমির। ১৯৯০ সালের জুলাই মাসের এক সকালে যথারীতি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাঁর শেষ যাত্রা।

হিনায়া সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ‘আমি কখনো ভাবিনি ওটাই হবে ওর শেষ যাত্রা।’

কাত্তানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে আমিরসহ কয়েকজনকে আটকায় এলটিটিই সদস্যরা। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের সংখ্যা ৬০ থেকে ১৫০ জন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়। এই হত্যাকাণ্ড শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য বড় ধরনের বিপর্যয় হয়ে আসে। এর আগে এলটিটিই প্রায়ই মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে মুসলিমদের অপহরণ করত। কিন্তু কুরুক্কালমাদামের ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

আমির নিহত হওয়ার সময় আরেক ভাই আবদুর রউফ উত্তরাঞ্চলে একটি দোকানে কাজ করতেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বাড়ি ফিরে আসেন তিনি। কয়েক দিন পর পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাশের শহর বাটিকালোয়ার উদ্দেশে ঠেলাগাড়ি নিয়ে বের হন রউফ। পথে তাঁকে অপহরণ করে এলটিটিই সদস্যরা। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের ধারণা, রউফও আর বেঁচে নেই।

মসজিদে হামলা, শত শত মুসলিমের মৃত্যু
কুরুক্কালমাদামের হত্যাকাণ্ডের মাত্র এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালায় এলটিটিই। ওই হামলায় অন্তত ৩০০ মুসলিম নিহত হন।

শ্রীলঙ্কার মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলিম। দীর্ঘদিন ধরে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে তামিল ও মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করে আসছিলেন। কিন্তু এলটিটিইর ধারাবাহিক হামলা দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।

৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে উচ্ছেদ
মুসলিমদের ওপর নিপীড়নের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি ছিল ১৯৯০ সালের অক্টোবরে উত্তরাঞ্চল থেকে তাঁদের গণহারে বিতাড়ন। এর আগে ১৯৮৭ সালের চুক্তির পর শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছিল। ওই সময় মুল্লাইতিভু অঞ্চলের কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের ভারতীয় সেনাদের ঘাঁটি স্থাপনের জন্য বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়।

বর্তমানে ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনির পরিবারও তখন বাস্তুচ্যুত হয়েছিল। ১৯৯০ সালের শুরুতে ভারতীয় সেনারা শ্রীলঙ্কা ছেড়ে যাওয়ার পর তাঁরা আবার নিজেদের গ্রামে ফিরে আসেন।
তখন তামিল ও মুসলিমদের মধ্যে সুসম্পর্ক ছিল বলে জানান রিজনি। তাঁর ভাষায়, ‘তামিল ও মুসলিমরা মিলেমিশে ছিলাম। আমরা এক পরিবারের মতো ছিলাম। সবাই নিজ নিজ গ্রামে ফিরে এসেছিলাম।’

কিন্তু ১৯৯০ সালের অক্টোবরে সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামের মুসলিমদের একত্র করে দুই দিনের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় এলটিটিই।
রিজনি বলেন, মুসলিমরা কখনোই তামিলদের জন্য হুমকি ছিলেন না। উত্তরাঞ্চলের জনসংখ্যার মাত্র ৫ শতাংশ ছিলেন মুসলিম, বিপরীতে তামিলদের সংখ্যা ছিল ৯০ শতাংশের বেশি।

ধারণা করা হয়, ওই সময় প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে উত্তরাঞ্চল থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়। তাঁদের পরনের কাপড় ছাড়া প্রায় কিছুই সঙ্গে নিতে দেওয়া হয়নি। এই উচ্ছেদে রিজনির পরিবারও বিপুল সম্পদ হারায়। তাঁদের ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একর নারকেল বাগান, আট একর ধানি জমি, বাড়ি ও মুদি দোকান হারিয়ে যায়।

দীর্ঘ কয়েক দশক পার হলেও সেই ক্ষতির স্মৃতি এখনো তাঁকে তাড়া করে ফেরে।

srilanka3
 

বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সংকীর্ণ রাজনীতি
অধ্যাপক জ্যাকি ফাউজের মতে, মুসলিমদের ওপর এলটিটিইর হামলা তাদের তামিল আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলনের একচেটিয়া ও বর্জনমূলক চরিত্র প্রকাশ করে। তিনি বলেন, উত্তর ও পূর্বাঞ্চলকে তামিলদের আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠার দাবি করা হলেও এসব অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীরও দীর্ঘদিনের বসবাস, ভূমির ওপর অধিকার এবং নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল।

এলটিটিইর অভিযোগ ছিল, শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠী তামিলদের প্রতি বৈষম্য করত। কিন্তু মুসলিমদের সঙ্গে তাদের আচরণের মধ্যেই সেই আন্দোলনের স্ববিরোধিতা প্রকাশ পেয়েছে। অধ্যাপক ফাউজের মতে, মুসলিমদের ওপর নিপীড়নের ক্ষেত্রে এলটিটিইও সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার মতোই দমনমূলক আচরণ করেছে।২০০৯ সালে এলটিটিইর পরাজয়ের মধ্য দিয়ে গৃহযুদ্ধের অবসান ঘটে। তবে যুদ্ধের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।

নিখোঁজ স্বজনদের খোঁজে পরিবারগুলো
২০১৬ সালে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা অনুসন্ধানের জন্য ‘অফিস অন মিসিং পারসনস’ প্রতিষ্ঠা করে শ্রীলঙ্কা সরকার। গৃহযুদ্ধের বিভিন্ন পর্যায়ে স্বজন হারানো বহু মানুষ এই দপ্তরে অভিযোগ জমা দেন। তাঁদের মধ্যে ছিলেন হিনায়াও।

নিখোঁজ দুই ভাইয়ের ভাগ্যে কী ঘটেছিল, সেই উত্তর খুঁজতে তিনিও গণকবর খননের দিকে তাকিয়ে ছিলেন।

অধ্যাপক ফাউজের মতে, গণকবর থেকে পাওয়া প্রমাণ যদি ফৌজদারি অপরাধের অভিযোগ প্রতিষ্ঠার পক্ষে যায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত আইনগত ব্যবস্থা এগিয়ে নেওয়া।

এদিকে ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াজ ফারুক ১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোরপূর্বক বিতাড়নের ঘটনাকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, কোনো রাজনৈতিক আন্দোলনই নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারগুলোকে বসতভিটা থেকে উচ্ছেদের বৈধতা দিতে পারে না। কুরুক্কালমাদামের গণকবর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

ফারুক আরও বলেন, বাস্তুচ্যুত উত্তরাঞ্চলের মুসলিম পরিবারগুলোর দুর্ভোগ অনুধাবন করা এবং তাঁদের মর্যাদার সঙ্গে পুনর্বাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

দীর্ঘদিন পর উত্তরাঞ্চলের কিছু মুসলিম পরিবার নিজেদের গ্রামে ফিরে বসতি গড়লেও পুনর্বাসন কার্যক্রম এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি বলে মনে করেন রিজনি।

তবু তামিল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অতীতের সম্প্রীতি ফিরে আসবে বলে আশা করেন তিনি। তাঁর মতে, এলটিটিইর অপরাধের দায় পুরো তামিল জনগোষ্ঠীর ওপর চাপানো উচিত নয়। তিনি বলেন, ‘মুসলিমদের সঙ্গে এলটিটিই যা করেছে, তার জন্য আমরা তামিলদের দোষ দেব না।’

৩৬ বছর আগে হারিয়ে যাওয়া দুই ভাইয়ের সন্ধানের অপেক্ষায় থাকা হিনায়ার চাওয়া খুব বেশি নয়, কেবল ভাইদের দেহাবশেষ ফিরে পাওয়া এবং ধর্মীয় মর্যাদায় তাঁদের শেষ বিদায় জানানো।

সূত্র: আল-জাজিরার প্রতিবেদন অবলম্বনে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

২

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৩

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৪

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৫

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

৬

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

৭

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৮

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত, ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরও ১৩

৯

গাজীপুরে ফের সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বন্ধ কয়েকটি কারখানা

১০

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা : এনসিটিবি চেয়ারম্যান

১১

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।