বন অধিদপ্তরের দেড় হাজার কোটি টাকার টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
দুদকের অভিযোগ—২০১৮ সালে গ্রহণ করা প্রকল্পটির মাঠপর্যায়ের সর্বত্রই ব্যাপক দুর্নীতি হয়েছে। এদিকে, বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের বিরুদ্ধেও বদলি বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি।
শুধু ‘সুফল’ প্রকল্প নয়, বন অধিদপ্তরের সব খাতের দুর্নীতিই তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।