কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজ আদায়ের পর পরিবারের সদস্যরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ। তিনি জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।