আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা বিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে ভারতে পৌঁছেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশবিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক। শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছান তিনি।
পাকিস্তান হাইকমিশন, নয়াদিল্লি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়, দিল্লিতে অনুষ্ঠিতব্য এসসিওর সাংস্কৃতিক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন ড. মালিক।
ভারতে পাকিস্তানের উচ্চপর্যায়ের মন্ত্রীর এমন সফরকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২৩ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এসসিওর একটি সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন।
২০ নভেম্বর শুক্রবার থেকে ২২ নভেম্বর রোববার পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এসসিওর সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম। উল্লেখ্য, ২০২৬-২৭ মেয়াদের জন্য এসসিওর কাউন্সিল অব হেডস অব স্টেটের (সিএইচএস) সভাপতির দায়িত্বে রয়েছে পাকিস্তান।
এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান, বেলারুশ এবং মধ্য এশিয়ার তিন দেশ কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। এসব দেশের প্রায় প্রতিটিরই রয়েছে প্রাচীন সভ্যতা ও সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য, যার শিকড় খ্রিস্টপূর্ব যুগ পর্যন্ত বিস্তৃত।
ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন। গত বছর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও নেতাদের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তী সময়ে এসসিও কাউন্সিল সেই প্রস্তাব গ্রহণ করে।
ভারত সরকারের ভাষ্য অনুযায়ী, ফোরামটির মূল উদ্দেশ্য হলো অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর সম্পর্কযুক্ত সভ্যতার ঐতিহ্য তুলে ধরা, জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানো এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতাকে উৎসাহিত করা।
ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি চীন, রাশিয়া, ইরান, বেলারুশ ও মধ্য এশিয়ার দেশগুলোসহ এসসিওর ১০টি সদস্য রাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ১৫টি সংলাপ অংশীদার দেশ এবং পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর প্রতিনিধিদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা সম্মেলনটি দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় অনুষ্ঠিত হচ্ছে। ষোড়শ শতাব্দীতে মুঘল সম্রাট হুমায়ুন দুর্গটি নির্মাণ করেছিলেন।
ভারতীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পুরানা কিল্লায় পরিচালিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননে প্রায় তিন হাজার বছরের ইতিহাসের নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শনের মধ্যে প্রাক-মৌর্য, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগের পাশাপাশি মধ্যযুগের রাজপুত, সুলতানি ও মুঘল আমলের ইতিহাসও উঠে এসেছে।