২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, জগন্নাথ, খুলনা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য বা নির্ধারিত তারিখ জানিয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদনের সময় ও ন্যূনতম জিপিএর শর্তও প্রকাশ করেছে।
তবে এইচএসসির সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় জানুয়ারি থেকে আবেদন এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ফলে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আগের সূচি পরিবর্তন হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটে।
বিজ্ঞান ইউনিটে আবেদনে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ এবং পৃথকভাবে ৩ দশমিক ৫০ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০, পৃথকভাবে ৩ প্রয়োজন। চারুকলায় মোট ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে। অন্য শাখা থেকে আবেদনকারীদের ক্ষেত্রে শর্ত ভিন্ন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে আবেদনের সময় অপরিবর্তিত রয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের পর নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ দেওয়া হবে।
এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং মোট ৭ দশমিক ৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য পৃথকভাবে ন্যূনতম ৩ এবং মোট জিপিএ ৬ দশমিক ৫০ প্রয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবেদন ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। আগের সূচিতে ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা।‘এ’ ইউনিটে মোট জিপিএ ৭, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে ৬, ‘সি’ ইউনিটে ৬ দশমিক ৫০ এবং ‘ই’ ইউনিটে ৫ দশমিক ৫০ প্রয়োজন। প্রতিটি ইউনিটে পৃথক পরীক্ষার ন্যূনতম জিপিএর শর্তও রয়েছে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক ডেকেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবেদন ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। পূর্বঘোষিত সূচিতে ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ও ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা। উপ-ইউনিটগুলোর পরীক্ষা ৩, ৪ ও ৮ ফেব্রুয়ারি। নতুন শিক্ষাবর্ষের চূড়ান্ত জিপিএ শর্ত এখনো নিশ্চিত হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০ থেকে ২১ জানুয়ারি ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি রয়েছে। তবে আবেদনের সময় ও নতুন জিপিএ শর্ত নিশ্চিত হয়নি। গত শিক্ষাবর্ষে ‘বি’ ও ‘সি’ ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং বিজ্ঞানের জন্য ৮ দশমিক ৫০ প্রয়োজন ছিল।
বুয়েট ও কুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবেদন ২১ নভেম্বর শুরু এবং ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি হওয়ার কথা। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও যোগ্যতা শিথিল করা হবে না।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১০ নভেম্বর আবেদন শুরু হয়েছে। পরীক্ষা নির্ধারিত রয়েছে ৮ জানুয়ারি। কুয়েটে এবার যোগ্যতার কিছু শর্ত শিথিল করা হয়েছে।
খুলনা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৭ ও ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ঘোষণা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর এবং পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল। তবে দুটি বিশ্ববিদ্যালয়ের সময়সূচিই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।