বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার ঘটনায় সংঘটিত অপরাধের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটির সব রাজনৈতিক দল ও নেতাদের স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেছেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে ব্যাপক প্রাণহানির তথ্য উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর সমর্থকেরা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে বলার মতো কোনো মন্তব্য তাঁর কাছে নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা দেখতে চায়। এর মধ্যে সংস্থাটির তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে চিহ্নিত ও নথিভুক্ত অপরাধগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ঘটনায় আহত হন আরও কয়েক হাজার মানুষ।