চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের দেড় মাসের অভিযানে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বুধবার (১১ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক কার্যক্রমে সর্বমোট ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। উল্লেখযোগ্য জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, বিভিন্ন ধরনের ৫টি অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি।
এ ছাড়া, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০টি ইয়াবা ট্যাবলেট এবং ৩ লাখ ২ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান এবং পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা—এই দুটি সেক্টরের আওতায় ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের ভিশন—‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর।