বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ দফা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান, সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। সীমিত অবদান সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

জলবায়ু অর্থায়নে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনৈতিক চাপ ও ঋণ পরিশোধের বোঝার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী পাঁচটি প্রস্তাব দেন।

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগের মাধ্যমে জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে।

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ার লক্ষ্য

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও জরুরি।

তিনি জানান, সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনেও কাজ চলছে।

এ লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

দেশে সবুজ শিল্পায়ন সম্প্রসারণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতেও কাজ করছে সরকার।

পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এ ছাড়া উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

জলবায়ু অর্থায়নে অনুদানের ওপর গুরুত্ব

বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যবস্থা এখনো অপর্যাপ্ত। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারও যথাযথভাবে বিবেচিত হচ্ছে না।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে বাড়তি ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

নারী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু মোকাবিলার উদ্যোগে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

বক্তব্যের শুরুতে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১

কারচুপির সুযোগ নেই,সচেতন জনগনের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন: স্পিকার

২

১৯ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ ডলারের দাম

৩

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

৪

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

৫

১০০ দিনের কর্মপরিকল্পনায় প্রকাশ করলেন প্রধান তথ্য কমিশনার

৬

কেরু চিনিকলের বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকাটায় ১০ দিনের ব্যবধানে তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব

৭

এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ৬

৮

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

৯

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

১০

দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

১১

প্রাথমিকের পাঠ্যবই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।