সাড়ে তিন বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দীর্ঘ বিরতির অবসান ঘটল এ বন্দর দিয়ে গম আসার মধ্য দিয়ে।
শনিবার বিকেলে তিনটি ট্রাকে করে ১১৬ টন গম বাংলাদেশে প্রবেশ করে। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটিই প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় গম আমদানি। বন্দর সূত্র জানায়, দেশের আমদানিকারক প্রতিষ্ঠান মিফা ইন্টারন্যাশনাল গমগুলো আমদানি করেছে। ভারতের ইজান ট্রেডার্স এগুলো রপ্তানি করে।
এর আগে ২০২২ সালের ১৩ মে অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। ফলে প্রায় তিন বছর ছয় মাসের বেশি সময় ধরে হিলি বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল।
হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার গম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর আমদানিতে আর কোনো আনুষ্ঠানিক বাধা না থাকলেও দামের কারণে এতদিন আমদানিতে আগ্রহ দেখা যায়নি।
তিনি জানান, শনিবার পরীক্ষামূলকভাবে তিন ট্রাক গম আনা হয়েছে। ভারতের এফসিআই জাতের গমের মান ভালো এবং এটি দিয়ে উন্নতমানের ময়দা তৈরি করা যায়, তাই এটির চাহিদা রয়েছে। তবে বর্তমান দামে ভারতীয় গম আমদানি করে তেমন লাভ হচ্ছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্য দেশ- বিশেষ করে কানাডা ও ইউক্রেন থেকে আমদানি করা গম তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। ভারতে নতুন মৌসুমের গম বাজারে আসতে শুরু করেছে। দাম কিছুটা কমলে হিলি বন্দর দিয়ে গম আমদানি বাড়তে পারে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, সর্বশেষ ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে গম আমদানি হয়েছিল। এরপর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আমদানি পুরোপুরি বন্ধ ছিল।
তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন আবার আমদানির সুযোগ তৈরি হয়েছে। আমদানিকারকদের আবেদন অনুযায়ী গম পরীক্ষা করে সনদ দেওয়া হচ্ছে। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।