রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতিতে চলা চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।