লক্ষ্মীপুরে কেন্দ্র ফাঁকা রেখে দাওয়াতে, দুই নির্বাচনী কর্মকর্তা আটক

ছবি: সংগৃহীত।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অবহেলার অভিযোগে দুই নির্বাচনী কর্মকর্তাকে আটক করেছে প্রশাসন। কেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় তাঁরা স্থানীয় এক রাজনৈতিক নেতার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

আটক দুই কর্মকর্তা হলেন সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। এম এ ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল হোসেন দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাঁরা লক্ষ্মীপুর-৩ আসনের ১২০ নম্বর নলঠগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাঁদের আটক করেন।

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাউল হক ভূঁইয়া বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “একজন পোলিং অফিসার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্র ফাঁকা রেখে এক প্রার্থীর বাড়িতে দাওয়াত খেতে যান। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করেন। পরে তাঁদের পরিবর্তে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।”

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক দুই কর্মকর্তা বর্তমানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছেন। তাঁদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় তাঁরা কেন্দ্র ত্যাগ করে স্থানীয় জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান। বিষয়টি জানাজানি হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়দের মতে, এ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ওবায়দুল কাদেরসহ সাত জনের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষের দিকে রাষ্ট্রপতি নির্বাচন: কীভাবে হবে ভোট

ব্রিজের রেলিং ভেঙে ভোজ্য তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত

রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

১০

বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবেন নিজের গান

১১

আত্মহত্যা করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

১২