পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘিরে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায় ঠেকাতে সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন চোই। তিনি লেখেন, ‘বড় কোনো অঘটন ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে আগেভাগে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনা তৈরি হয়েছে। আমি সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগপত্র জমা দিচ্ছি।’ দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ঘটনার সূত্রপাত গত ১৫ নভেম্বর। দেশটির বহুল আলোচিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির ঘটনা সামনে আসে। ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোনের সাহায্যে এআই ব্যবহার করে তিনি প্রায় শতভাগ নম্বর পেয়েছেন।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে পরীক্ষায় এআই-নির্ভর নকলের আশঙ্কা ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ধরনের জালিয়াতি ঠেকাতে সরকারের প্রস্তুতি কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে শিক্ষক ইউনিয়নগুলোও সরকারের ধীরগতির পদক্ষেপের তীব্র সমালোচনা করে।

এর মধ্যেই গত সোমবার সংসদীয় শুনানিতে পরীক্ষায় নকল প্রতিরোধে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। জবাবে চোই বলেন, ‘এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’ তাঁর এমন মন্তব্যে জনমনে অসন্তোষ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত সমালোচনার দায় নিয়ে পদত্যাগ করেন তিনি।

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ‘সুনেউং’ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্ষিক এই আট ঘণ্টার পরীক্ষার ফলের ওপর নির্ভর করে শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। একই সঙ্গে এটি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত পথ নির্ধারণেও বড় ভূমিকা রাখে।

পরীক্ষাটিকে নির্বিঘ্ন করতে প্রতিবছরই দেশটিতে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। ইংরেজি লিসেনিং পরীক্ষার ২৫ মিনিট যেন শব্দদূষণমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পরিবর্তন করা হয়। এ ছাড়া কামানের গোলাবর্ষণ ও ট্যাংক চলাচল বন্ধ রাখা হয়। শেয়ারবাজার খোলার সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

এত কঠোর আয়োজনের মধ্যেও পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো দেশটির শিক্ষামন্ত্রীকে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

১

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

২

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৪

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৭

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

৯

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

১১

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।