৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় সেবাকর্মীরা পাচ্ছেন সম্মানী ভাতা

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় সেবাকর্মীরা পাচ্ছেন সম্মানী ভাতা

দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মানী ভাতা কর্মসূচির পরিধি বাড়াচ্ছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী এ সুবিধার আওতায় আসছেন। এ কর্মসূচি বাস্তবায়নে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ ও পাবনায়ও সম্মানী বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে তাদের অবদান ও মর্যাদার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

যেভাবে নির্ধারণ করা হয়েছে সম্মানীর পরিমাণ

সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী, সম্মানী কর্মসূচির আওতায় থাকা মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।

চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সম্মানী পাবেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ কম। নিয়মিত সম্মানী চালু হলে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

পাইলট প্রকল্প থেকে দেশব্যাপী সম্প্রসারণ

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী দেওয়ার কার্যক্রম প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে এ কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন এবং বাকিরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনা করে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে আরও ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

ব্যাংক ও মোবাইল হিসাবে পৌঁছাবে সম্মানীর টাকা

সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ ক্ষেত্রে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ বিতরণ করা হবে।

সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তাদের নিজস্ব ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অর্থ পাঠানো হবে।

ইসমাইল জবিউল্লাহ বাসসকে বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর টাকা পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।

এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উদ্যোগ

সম্মানী কর্মসূচিতে প্রকৃত দায়িত্ব পালনকারীদের অন্তর্ভুক্ত করতে তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

এ বিষয়ে জনপ্রশাসন উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজে তাদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি সহযোগিতা করছেন। প্রতিষ্ঠান নির্বাচন কিংবা সুবিধাভোগীদের তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।

চার বছরে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তির পরিকল্পনা

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা।

চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশকে সম্মানী কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকার দায়িত্বে থাকা অবস্থায় প্রতিবছর পর্যায়ক্রমে আরও ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। এর মাধ্যমে সব ধর্মের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য একটি ধারাবাহিক রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

বাস্তবায়নে নজরদারি জরুরি

সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য এ সম্মানী কর্মসূচি শুধু আর্থিক সহায়তার উদ্যোগ নয়; এটি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ আরও কার্যকর হতে পারে।

তবে কর্মসূচির সুফল নিশ্চিত করতে প্রকৃত দায়িত্ব পালনকারীদের সঠিক তালিকা প্রণয়ন, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন প্রশাসনিক জটিলতার কারণে কর্মসূচির বাইরে থেকে না যায়, সে বিষয়ে মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে হবে।

কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও সার্বিক সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার অর্থবছরে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা সম্ভব হলে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য একটি প্রাতিষ্ঠানিক ও নিয়মিত রাষ্ট্রীয় সহায়তা কাঠামো গড়ে উঠবে।


সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিবেদন অবলম্বনে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

১

ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে

২

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় সেবাকর্মীরা পাচ্ছেন সম্মানী ভাতা

৩

নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

৪

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

ভারতে পাকিস্তানি সিরিজের সম্প্রচার বন্ধের নির্দেশ, নেটফ্লিক্সকে কড়া বার্তা

৬

১ ও ৫ লিটারে কত টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

৭

জিয়াউলের অপরাধ সমুদ্রের মতো বিশাল, মৃত্যুদণ্ড ‘শিশির কণা’: অ্যাটর্নি জেনারেল

৮

৩৬ বছর পর মিলল মুসলিম গণহত্যার সন্ধান

৯

স্বর্ণের দামে আবারও উর্ধ্বগতি,ভরিতে বাড়ল কত?

১০

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

১১

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।