শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহিদুল হক, বেনজির আহমেদসহ ৪১ জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।
আজই আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হতে পারে। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
এ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকেও। আসামির তালিকায় আরও রয়েছেন তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
এর আগে, তদন্ত শেষে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন।