বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকায় একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এমন একটি এলাকায় বিস্ফোরণ ঘটে, যেখানে আতশবাজিসহ বিস্ফোরকজাতীয় সামগ্রী সংরক্ষণ করা হতো।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে বলেন, ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় আহত হয়েছেন ৬২ জন। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে জানালার কাচ ভেঙে গেছে অধিকাংশ বাড়ির। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং আহতদের স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নিতে সামরিক কমপ্লেক্সটিতে মোতায়েন করা হয়েছে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ।
রিতা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে তাপের একটি উৎস এখনো সক্রিয় রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। এতে আবারও বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।