২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে এক থেকে দুই দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে।
শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন কার্যক্রমের বিষয়ে অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পাশাপাশি ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ফলে পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টালে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তি বিজ্ঞপ্তি বা পরবর্তী নির্দেশনায় স্পষ্ট হতে পারে।