দীপাবলির আনন্দ এবার আরও বিশেষ হয়ে উঠল বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের কাছে। উৎসবের আবহেই প্রথমবারের মতো ছেলের মুখ প্রকাশ্যে আনলেন তাঁরা। বাবা-মায়ের সঙ্গে ছোট্ট বিহান কৌশলের মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই তা ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন অনুরাগীরা।
শনিবার, ৭ নভেম্বর ছিল ভিকি-ক্যাটরিনার একমাত্র পুত্র বিহানের প্রথম জন্মদিন। আর তার ঠিক পরের দিনই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ছেলের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তারকা দম্পতি। ছবিতে দেখা যাচ্ছে, বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে দু’হাত তুলে খিলখিল করে হাসছে ছোট্ট বিহান। হাসির আনন্দে প্রায় বন্ধ হয়ে এসেছে তার চোখ। খুদের এমন প্রাণখোলা হাসি দেখে আপ্লুত নেটিজেনরা। অনেকেরই মন্তব্য, বিহানের হাসিতে মায়ের ছাপ স্পষ্ট। আবার কেউ কেউ খুঁজে পেয়েছেন বাবা ভিকির সঙ্গে মুখের মিল।
উৎসবের সাজেও নজর কেড়েছে খুদে। সাদা পাজামা-পাঞ্জাবির সঙ্গে হলুদ রঙের জ্যাকেটে সেজেছে সে। অন্যদিকে, ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের জমকালো সালোয়ার কামিজ। ভিকি সেজেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবিতে, যার উপরে ছিল সুন্দর সুতোর কাজ।
ছবির সঙ্গে ভিকি ও ক্যাটরিনা লিখেছেন, “আমাদের উজ্জ্বলতম দীপাবলি। প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে।” তাঁদের এই আন্তরিক শুভেচ্ছাবার্তা ও পারিবারিক মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।