মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সুনামগঞ্জের বাসিন্দা। নিহত প্রবাসীর নাম আমিন উদ্দিন (৪৭)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবার শহরের জয়নগর বাজার এলাকায় বসবাস করছেন।

সোমবার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে) সৌদি আরবের রিয়াদ–তায়েফ সড়কের আল কোমরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ২৭ বছর ধরে সৌদি আরবে থাকা আমিন উদ্দিন তায়েফ এলাকায় একটি কফি শপের ব্যবসা করতেন। তিনি ৬ ভাইয়ের মধ্যে তৃতীয় এবং ৩ সন্তানের (২ মেয়ে ও ১ ছেলে) জনক। সবশেষ গত বছরের ৩ আগস্টে তিনি দেশে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দেড় মাসের ছুটি নিয়ে মঙ্গলবার সকালে তার দেশে পৌঁছানোর কথা ছিল। আগামী ২৩ নভেম্বর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আবার জেদ্দায় ফেরার কথা ছিল তার। ছুটির জন্য তিনি বিমানের ফিরতি টিকিটের ছবি পাঠিয়ে ছোট ভাই জসিম উদ্দিনকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন। প্রিয়জনের দেশে ফেরার খবরে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছিল।

কিন্তু তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে আমিন উদ্দিনসহ চারজন যাত্রী নিয়ে রওনা হওয়া গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সময় মূল চালকের ভাতিজা গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় আমিন উদ্দিন ও মূল চালকসহ মোট চারজন মারা যান। ঘটনার পরপরই চালকের ভাতিজা পালিয়ে যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় নিহত আমিন উদ্দিনের সৌদি প্রবাসী দুই ভাই তায়েফের এরজোয়ান থানায় ওই পলাতক চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে আমিন উদ্দিনের মরদেহ তায়েফ আল-মরুয়া এলাকার একটি হাসপাতালের মর্গে রয়েছে।

সৌদি আরবে অবস্থানরত আরেক ভাই কলিম উদ্দিন বাড়িতে ফোন করে জানান, সড়ক দুর্ঘটনায় আমিন উদ্দিন মারা গেছেন।

নিহত আমিন উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিনের ভাষ্য অনুযায়ী, তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে আমিন উদ্দিনসহ আরও চারজন একটি গাড়িতে করে রওনা হন। ওই গাড়ির মূল চালকের ভাতিজাও দেশে আসার জন্য একই গাড়িতে উঠেছিলেন।

যাত্রা শুরুর আগে গাড়ির মূল চালকের ভাতিজা তার চাচাকে বলেন, ‘চাচা, আপনি মুরব্বি মানুষ, আমি গাড়ি চালাচ্ছি। আপনি তাদের সঙ্গে বসুন।’ এরপর তিনি গাড়ি চালিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। পথে তায়েফের রিয়াদ–তায়েফ সড়কের আল-কোমরা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আমিন উদ্দিন, গাড়ির মূল চালকসহ চারজন নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই সৌদি প্রবাসী মাওলানা আব্দুল আওয়াল ও মাওলানা কলিম উদ্দিন তায়েফের এরজোয়ান থানায় পলাতক চালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

নিহতের ছোট ভাই মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে আমার ভাই আমাকে ফোন করে বলেছিল মঙ্গলবার সকালে সিলেট বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসার জন্য। এই খবরে আমাদের পরিবারের সবাই আনন্দিত ছিলাম। তাকে দেশে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কয়েক ঘণ্টা পরই সৌদি প্রবাসী আরেক ভাই কলিম উদ্দিন আমাকে জানান, আমাদের ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ফিরতি টিকেট করেছিলেন। আগামী মাসের ২৩ তারিখ সিলেট থেকে জেদ্দা যাওয়ার কথা ছিল তার। কিন্তু প্রায় তিন ঘণ্টা পরই সৌদি প্রবাসী আরেক ভাই কলিম উদ্দিন আমাকে দুর্ঘটনার কথা জানান।

তিনি আরও বলেন, ‘আমার বড় ভাইয়ের তিনটি সন্তান। তাদের আমরা এখন কী জবাব দেব? আমরা আমাদের ভাইকে হারিয়েছি। এখন আমাদের একটাই দাবি, তার মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। বড় ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আমিন উদ্দিনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তার লাশ দেশে আনার বিষয়ে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা তাদেরকে সহযোগিতা করব। বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্যারকে অবগত করেছি। তার পরিবারের লোকজন আসবেন বলে জানিয়েছেন। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

১১

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

১২