রাজধানীর উত্তরখানে গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৩০ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার আটজনের নাম-পরিচয় জানা যায়নি।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান রাত ১টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি স্থানে গোপনে বৈঠক করার সময় যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও অন্তত ৩০ জন সেখান থেকে পালিয়ে যায়।
ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
গ্রেপ্তারদের নাম-পরিচয় জানতে চাইলে ওসি বলেন, মামলা সংক্রান্ত কার্যক্রম নিয়ে ব্যস্ত রয়েছেন। পরে তাদের বিস্তারিত পরিচয় জানানো হবে।