রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়েছে। এ সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী অভিযোগ করে বলেন, ‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে।’
অন্যদিকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে মাথা নিচু করে নীরবে এজলাসে প্রবেশ করতে দেখা যায়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে মামলার গ্রেপ্তার ১১ আসামিকে পর্যায়ক্রমে হাজির করা হয়।
এদিন সবার আগে হুইলচেয়ারে করে এজলাসে নেওয়া হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে আদালতে তোলা হয়। অন্য আসামিদের দুপুর ১২টা ৫৫ মিনিটে এজলাসে নেওয়া হয়।
বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় ছিল হেলমেট। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কিছুটা জোরাজুরি করতে দেখা যায়।
তবে জিয়াউল আহসান ছিলেন সম্পূর্ণ নীরব। মাথা নিচু করে কোনো কথা না বলেই এজলাসে প্রবেশ করেন তিনি। অন্যদিকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তাদের জোর করে আদালতে নেওয়া হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন।
আসামিদের আদালতে আনার সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তাদের দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার ১১ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মামলায় আসামিদের বিরুদ্ধে মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়টি উল্লেখ করা হয়েছে।