শ্রমিক অসন্তোষের কারণে কর্মীরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুসরণ করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন মালিকেরা। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। সংবাদ সম্মেলনের আগে দুই সংগঠনের নেতারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন।
মাহমুদ হাসান খান জানান, শনিবার দেশের মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এর মধ্যে ৫৫টি কারখানা আগে থেকেই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। অন্যদিকে, বাকি ৯২টি কারখানা সচল রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেখানে উৎপাদন কার্যক্রম চালু রাখা যায়নি। এসব ৯২টি কারখানার মালিকেরা চাইলে আগামী রোববার থেকে একই আইনি ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের নিয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের প্রায় সবাই মনে করেন, কারখানার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা এবং উৎপাদনবান্ধব পরিবেশ না থাকায় কারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। শিল্পের সামগ্রিক নিরাপত্তা ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মালিকেরা বাধ্য হয়ে কারখানা বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করছেন।
কারখানা বন্ধের সিদ্ধান্তের প্রক্রিয়া ব্যাখ্যা করে মাহমুদ হাসান খান বলেন, কোনো বাণিজ্য সংগঠনের পক্ষে সরাসরি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বরং বর্তমান পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে না পেরে সংশ্লিষ্ট কারখানার মালিকেরাই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
তিনি আরও জানান, বিজিএমইএ ও সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর গত প্রায় ১২ থেকে ১৪ দিন ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মালিকেরা কারখানা সচল রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এরপরও উৎপাদন অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় এখন বন্ধের সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে।
উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া কারখানাগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা আনুমানিক তিন লাখ বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। প্রতিটি কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক কর্মরত রয়েছেন, এই হিসাবের ভিত্তিতেই শ্রমিকের মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।