পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল ভালো হবে, তারাও যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদন করতে পারে, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ড নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করবো, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।
বক্তব্যে আগের সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতোটা উদাসীন ছিলো, তা অবিশ্বাস্য। আমি যখন আমার দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড দেখি, তখন বিশ্বাস করতে কষ্ট হয় যে একটি সরকার শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে এতোটা উদাসীন থাকতে পারে।
আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে ২০২৬ সালের নতুন আইন পাস করা হয়েছে। এই নতুন আইনের মাধ্যমেই এখন পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরে মন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমি দেখেছি, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, যারা আগে অকৃতকার্য হয়েছিলো, তারা পাস করেছে। এছাড়া তিন হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।