সময়টা ছিল ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ঢালিউড হারিয়েছিল মাত্র ২৫ বছর বয়সী এক তরুণ নায়ককে। কিন্তু সেই বিদায়ের তিন দশক পরও সালমান শাহ যেন বিদায় নেননি। বরং সময় যত গড়িয়েছে, দর্শকের স্মৃতিতে তার অবস্থান ততই শক্ত হয়েছে। ২০২৬ সালে এসে তার ৩০তম মৃত্যুবার্ষিকীতেও প্রশ্নটি তাই নতুন করে সামনে আসে মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কীভাবে এমন এক জনপ্রিয়তা তৈরি করেছিলেন সালমান শাহ, যা তিন দশকেও ম্লান হয়নি?
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় অভিষেক। এরপর মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর বড় একটি অংশই ছিল ব্যবসাসফল। ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘আনন্দ অশ্রু’ একটির পর একটি সিনেমা তাঁকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে।
তিনি ছিলেন ছিলেন সময়ের চেয়ে এগিয়ে
সালমান শাহর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণগুলোর একটি ছিল তার আলাদা উপস্থিতি। নব্বইয়ের দশকের প্রচলিত নায়ক-ইমেজের বাইরে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন আধুনিক, তরুণ ও শহুরে প্রজন্মের প্রতিনিধি।
পোশাক, চুলের স্টাইল, সানগ্লাস, স্কার্ফ, ব্রেসলেট সবকিছুতেই ছিল আলাদা স্বকীয়তা। তার ফ্যাশন শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি তরুণদের দৈনন্দিন পোশাক ও স্টাইলেও তার প্রভাব পড়েছিল। বর্তমান সময়ের অনেক তারকা সালমান শাহর ফ্যাশন সেন্সের প্রশংসা করেন। আজও সালমান শাহর শুরু করা ফ্যাশন ট্রেন্ড মানুষ অনুসরণ করে। এ কারণেই সালমান শাহকে শুধু অভিনেতা নয়, ‘স্টাইল আইকন’ হিসেবেও দেখা হয়।
চরিত্রের সঙ্গে মিশে যাওয়া
সালমান শাহর অভিনয়ের আরেকটি বড় শক্তি ছিল তার চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলার ক্ষমতা। তার প্রথম সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহানও তার অভিনয়ের এই দিকটির কথা বলেছেন। তার মতে, সালমান শাহ সিনেমাকে শুধু অভিনয় হিসেবে নিতেন না চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারতেন। নব্বইয়ের তরুণ দর্শকের কাছে সম্ভবত এখানেই তিনি এত আপন হয়ে উঠেছিলেন। তার পর্দার চরিত্রগুলোতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেত তরুণেরা।
পর্দার চরিত্র বাস্তবে নিয়ে আসা
মৌসুমী ও শাবনূরের সঙ্গে সালমান শাহর জুটি তার জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করে। ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে মৌসুমীর সঙ্গে তার জুটি দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে শাবনূরের সঙ্গে তার জুটিও হয়ে ওঠে ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তাদের একসঙ্গে ১৪টি সিনেমায় দেখা গেছে।
বিশেষ করে সালমানের সিনেমার গান ও রোমান্টিক দৃশ্যে সালমান শাহর উপস্থিতি নব্বইয়ের দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করেছিল। তার সিনেমার গান, পোশাক হয়ে উঠেছিল সেই সময়ের তরুণ সংস্কৃতির অংশ।
মাত্র ২৭টি সিনেমা দিয়ে মানুষের মনে স্থায়ী
সালমান শাহর ক্যারিয়ার ছিল খুব ছোট। তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ছিলেন তিনি। আর এই অল্প সময়ে তৈরি করেন এমন একটি স্বতন্ত্র অবস্থান, যা পরবর্তী প্রজন্মের নায়কদের জন্যও অনুপ্রেরণা হয়ে আছে। একটি সংবাদমাধ্যমে অভিনেতা আরিফিন শুভ ও সিয়াম আহমেদ দুজনেই সালমান শাহকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। সিয়াম আহমেদের ভাষ্য অনুযায়ী, সালমান শাহর স্টাইল ও আকর্ষণের সঙ্গে পাল্লা দেয়া কঠিন। অর্থাৎ, সালমান শাহ শুধু তার সময়ের দর্শকের নায়ক ছিলেন না বরং পরবর্তী প্রজন্মের অভিনেতাদের কাছেও তিনি একটি মানদণ্ড।
সালমান শাহর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে নব্বইয় দশকে তিনি আটকে থাকেননি, আজও দর্শক তাকে ভালোবাসে। অভিনেতার বিদায়ের ৩০ বছর পরেও তার সিনেমা, গান, চরিত্র আজও দর্শকের মনে চিরসবুজ। তিনি রয়েগেছেন।
সালমান শাহর জনপ্রিয়তা শুধু পুরোনো ভক্তদের নস্টালজিয়ার মধ্যে আটকে নেই। নতুন প্রজন্মও তার অভিনয়, পোশাক ও ব্যক্তিত্বের প্রতি আগ্রহী।
তিনি খুব অল্প সময়ে নিজের একটি স্বতন্ত্র স্ক্রিন ব্যক্তিত্ব তৈরি করেছিলেন। তার অভিনয় ছিল স্বাভাবিক ও তরুণ প্রজন্মের কাছাকাছি। ফ্যাশনে তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। তার সিনেমার গান ও জুটিগুলো দর্শকের আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় তার ক্যারিয়ার শেষ হওয়ার আগেই তার কিংবদন্তি তৈরি হয়ে যায়।
মৃত্যু সালমান শাহর বাধা নয়
সালমান শাহর মৃত্যু তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত এবং বেদনাদায়ক অধ্যায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। কিন্তু সবকিছুর উপরে এটাই সত্যি যে দর্শক তাকে ভালোবাসে আজও। তিনি আজও দর্শকের কাছে সেরা নায়ক।
দর্শক খুব ভালো করেই যানে, সালমান শাহ যদি আরও সুযোগ পেতেন তিনি আরও শক্ত অবস্থান তৈরি করতেন। বাংলা সিনেমা তিনি আরও এগিয়ে নিয়ে যেতেন। দর্শকের কাছে সালমান শাহ কেবল নায়ক নন তিনি বড় মাপের তারকা। যে অল্প সময়ে বাংলা সিনেমা পালতে দিয়েছিল। তিন দশকে বাংলা সিনেমায় বহু নায়ক এসেছেন কিন্তু তারা সালমান শাহর মতো এতো ভালোবাসা পাননি। সালমান শাহর ব্যক্তিত্ব আর দর্শকের ভালোবাসা তাকে আজও সেরার আসনে রেখেছে। তাই মৃত্যুর ৩ দশক পরেও সালমান শাহ শুধু স্মরণীয় নায়ক নন, বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতিতে এখনও একটি জীবন্ত নাম।