জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ সম্মিলনে উপস্থিত হন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়।
এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফলে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এসব কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় জোরদার, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সূত্র: বাসস