মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী একটি কারখানায় দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রিল সুতা ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কারখানায় থাকা মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৪২ হাজার রিল সুতা এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।
অভিযানকালে কারখানায় কর্মরত সেন্টু নামে এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ও সরঞ্জাম ধলেশ্বরী নদীর তীরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি সবাইকে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আঃ মাবুদ, নৌপুলিশের সদস্য এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেবল আইন প্রয়োগ নয়, ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।