প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন, মানবসম্পদ এবং সার্বিক বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। আলোচনাকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি জনশক্তির অবদানের কথা তুলে ধরে সেখানে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সম্প্রসারণের জন্য অনুরোধ জানান।
এ ছাড়া দুই নেতা পারস্পরিক উন্নয়ন ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষযে আলোচনা করেন। আলোচনা শেষে উভয়পক্ষই বিদ্যমান সুবিধাজনক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।