গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি শেষবারের মতো দেখতে পেলেন তার মৃত সন্তানকে। প্রতিবন্ধী ছেলে তূর্যের মৃত্যুতে শোকাহত পরিবার প্যারোলে মুক্তির আবেদন করার কথা ভাবলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে সন্তানের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারের ফটকে নিয়ে যান স্বজনরা। সেখানেই মায়ের কাছে শেষ বিদায় জানানো হয় তূর্যকে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহ নিয়ে একটি ফ্রিজিং ভ্যান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরিবারের সদস্যরা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ নিয়ে কারাগার থেকে বের হন তারা।
শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার বাসিন্দা। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধী তূর্য মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। মায়ের গ্রেপ্তারের পর থেকে ছেলেটি ঠিকমতো খাওয়া-দাওয়া ও ওষুধ নিতে পারছিল না। একপর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
শারমিনের ছোট বোন শাম্মী অভিযোগ করেন, তার বোনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, মায়ের অনুপস্থিতিতে সন্তানটি মারা গেলেও শেষবারের মতো মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে মাত্র পাঁচ মিনিট।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের বন্দি শারমিনকে তার ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।