কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম পণ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তৌফিক নেওয়াজ। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গাজী ফয়সাল ইসলাম।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুর পর তাঁকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। তিনি জানান, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করা হবে।