ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রধান দুই রাজনৈতিক শিবিরের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামলেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা এবং ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন। এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা।
উপনির্বাচনের জন্য হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ফলে বিপুলসংখ্যক ভোটারের এই আসনে উপনির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব কার্যক্রম আইন, বিধি ও কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।