দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ৫ দিনের (১-৫ সেপ্টেম্বর) কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি একই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন।
অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও গৃহীত হয়েছে। একইভাবে সারা দেশের জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির বিষয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর ১২টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন। ওই সভায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লেখিত কর্মসূচি পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।