বলিউড অভিনেত্রী সঞ্চিতা উগালের আকস্মিক মৃত্যুর পর ফের আলোচনায় উঠে এসেছে বিনোদন জগতের মানসিক চাপ, কাজের অনিশ্চয়তা এবং শিল্পীদের কর্মপরিবেশ। এই আবহে ছোটপর্দার অভিনেত্রী আঁচল খুরানা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করে ইন্ডাস্ট্রির নানা অপ্রকাশিত বাস্তবতা তুলে ধরেছেন।
ভিডিওতে আঁচল বলেন, ‘দর্শকদের বিনোদনের চাহিদা, টিআরপির প্রতিযোগিতা এবং প্রযোজকদের আর্থিক হিসাবের ভিড়ে শিল্পীদের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়টি অনেক সময় গুরুত্ব পায় না। ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গেলেও পর্দার আড়ালে শিল্পীরা যে চাপের মধ্যে থাকেন, তা নিয়ে কতজন ভাবেন?
অভিনেত্রীর অভিযোগ, বিনোদন অঙ্গনে ‘রিপ্লেসমেন্ট’ বা শিল্পী বদলের সংস্কৃতি এখন খুবই সাধারণ হয়ে গেছে। কোনও শিল্পী নিজের মত প্রকাশ করলে, আত্মসম্মানের প্রশ্নে আপস করতে না চাইলে কিংবা কোনও বিষয়ে প্রতিবাদ করলে কাজ হারানোর ঝুঁকিতে পড়তে হয়।
আঁচলের মতে, কোনও শিল্পীর মৃত্যুর পর শোক প্রকাশ করা হলেও সেই মৃত্যুর পেছনে থাকা মানসিক চাপ, পেশাগত অনিশ্চয়তা কিংবা কর্মপরিবেশ নিয়ে খুব কমই আলোচনা হয়।
নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরে আঁচল বলেন, ‘প্রতিদিন নতুন আশায় অডিশনে অংশ নেওয়া এবং দিনের শেষে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা বহু শিল্পীর জীবনের অংশ। বাইরে থেকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেওয়া সহজ হলেও দীর্ঘদিন ধরে সেই চাপ বহন করা অত্যন্ত কঠিন।’
প্রযোজনা সংস্থা ও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, অনেক সময় যোগ্য শিল্পীরাও শুধুমাত্র আর্থিক হিসাব, অভ্যন্তরীণ সিদ্ধান্ত বা অন্যান্য কারণে কাজ হারান। এমনকি ব্যক্তিগত নীতি ও আত্মমর্যাদার সঙ্গে আপস না করলেও তার প্রভাব পেশাগত জীবনে পড়তে পারে।
তবে শুধু অভিযোগই নয়, কঠিন সময় মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন আঁচল। তিনি বলেন, যখন মানসিক চাপ অসহনীয় হয়ে ওঠে, তখন কিছু সময়ের জন্য কাজ থেকে বিরতি নেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের যত্ন নেওয়া প্রয়োজন। কারণ, সংকটের সময়ে সবসময় পেশাগত ক্ষেত্র থেকে প্রয়োজনীয় সমর্থন পাওয়া যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।’
সঞ্চিতা উগালের মৃত্যুর পর আঁচল খুরানার এই বক্তব্য আবারও বিনোদন জগতে মানসিক স্বাস্থ্য, কর্মপরিবেশ এবং শিল্পীদের নিরাপত্তা নিয়ে বৃহত্তর আলোচনার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। সূত্র: দ্য ওয়াল