শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দুর্গা মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রধানসহ মন্দির পরিদর্শন করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহিদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের পাশে অবস্থিত দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় বিজিবির সদস্যরা ও সনাতনীরা উপস্থিত ছিলেন। এ সময় মন্দির কমিটির সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
এ সময় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় থাকা ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি। এ ছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য চালু করা হয়েছে মনিটরিং সেল।
একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি। পরে তিনি পঞ্চগড় শহরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন।