বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর মনে করেন, একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি হলো ঝুঁকি নেওয়ার সাহস। ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি সেই সাহস ধরে রাখতে চান।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভূমি তাঁর নতুন ওয়েব সিরিজ দলদল, অভিনয়জীবনের পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। বলেন, ঝুঁকি নেওয়ার সাহসই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি। ক্যারিয়ারের শুরুতে দম লাগা কে হ্যাঁয়সা সিনেমার মাধ্যমে ছোট শহরের সাধারণ মেয়ের চরিত্রে পরিচিতি পান তিনি। এরপর বালা, আফওয়া, ভক্ষক ও বাধাই দো-এর মতো ছবিতে একই ধরনের চরিত্রে দেখা গেছে তাঁকে।
নতুন সিরিজ ‘দলদল’-এ তিনি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এক জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন, যা তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। ভূমির মতে, এখন তিনি এমন চরিত্রে কাজ করতে চান, যা তাঁকে স্বাচ্ছন্দ্যের বাইরে নিয়ে যায় এবং ভাবতে বাধ্য করে। তিনি বলেন, এখন কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি আরও সচেতন। এমন গল্পই বেছে নেন, যা চ্যালেঞ্জিং এবং কিছুটা ভয়ও জাগায়।
প্রায় এক দশকের ক্যারিয়ার নিয়ে ভূমি ‘বদল’ নয়, ‘বিবর্তন’-এ বিশ্বাসী। তাঁর মতে, এখন তিনি এমন নারীর গল্প বলতে চান, যারা সমাজের ভেতরে নিজেদের জায়গা তৈরি করতে লড়াই করে।
সবশেষে তিনি বলেন, বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা ও অর্থবহ গল্প-দুটিতেই কাজ করতে চান তিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ঝুঁকি নেওয়ার সাহস কখনো না হারানো।