চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ। বয়সের হিসাবে তারা এখনো স্কুলের গণ্ডিতে। কিন্তু তাদের ভাবনার জগৎটা শুধু বই-খাতায় আটকে নেই। প্রযুক্তি কীভাবে মানুষের কাজকে সহজ করতে পারে, রোবট কীভাবে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে- এসব নিয়েই তাদের কৌতূহল।
সেই কৌতূহল আর কাজের ফল এবার পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে আইটি অ্যান্ড রোবোটিক্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে সামিউ ও সানিয়ার দল। ‘WALL-E’ প্রকল্পের জন্য তারা পেয়েছে গোল্ড মেডেল বা স্বর্ণপদক।
চাঁদপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই কিশোর শিক্ষার্থীর এই অর্জনের খবর বুধবার ছড়িয়ে পড়ে। সমাপনী অনুষ্ঠানে যখন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, তখন দূর মালয়েশিয়ার প্রতিযোগিতার মঞ্চের সঙ্গে আনন্দে যুক্ত হয় মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলও।