ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-ভ্যান্সের মতপার্থক্য প্রকাশ্যে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-ভ্যান্সের মতপার্থক্য প্রকাশ্যে

ছবি: সংগৃহীত

ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন ভ্যান্স। তাঁর এই অবস্থানকে ট্রাম্পের যুদ্ধনীতির সঙ্গে এক ধরনের দূরত্ব হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও সিএনএন।

শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের পাশে উপস্থিত হয়ে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের ছিল। তাঁর ভাষায়, ‘আমার কাজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন দেওয়া।’

ভ্যান্সের এমন বক্তব্যে ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের বিষয়টি সামনে এসেছে বলে মনে করছে রয়টার্স। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা নিয়ে ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক বিতর্ক আরও বাড়িয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভ্যান্স সরাসরি এই যুদ্ধকে দায়ী করেন। তিনি লেখেন, ‘আমাদের পরাজয়ের মূল কারণ এই যুদ্ধ। গত রাতে প্রেসিডেন্ট নিজেও তা বলেছেন। এই যুদ্ধের কারণে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে।’

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ভ্যান্সের এই মন্তব্যকে ট্রাম্পের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

তবে শুক্রবার ভ্যান্সের মন্তব্যে অসন্তোষ নেই বলে জানান ট্রাম্প। যদিও তাঁর মতে, ভ্যান্সের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল। সেটি হলো, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং একই পরিস্থিতিতে ভ্যান্সও এমন সিদ্ধান্ত নিতেন—এমন স্বীকৃতি।

ট্রাম্প বলেন, তাঁর হয়ে কাজ করা ব্যক্তিদের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে ইরানিদের সম্পর্কে তাঁর ধারণা তুলে ধরে তিনি বলেন, ‘আমি ইরানিদের চিনি এবং খোলাখুলিভাবে বলতে গেলে তারা উন্মাদ।’

সংবাদ সম্মেলনের শেষ দিকে রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের বিনিময়ে ইরানে সামরিক অভিযান যৌক্তিক ছিল কি না, এমন প্রশ্ন করা হয় ভ্যান্সকে। কিন্তু তিনি সরাসরি হামলার পক্ষে অবস্থান না নিয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।

ভ্যান্স বলেন, ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। এমনকি সেই অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হাজার হাজার, সম্ভাব্য লাখ লাখ নিরীহ মানুষকে হত্যার আশঙ্কাও রয়েছে।

তবে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে আবারও হামলা চালানো হবে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই তাঁর দায়িত্ব।

সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের বিরোধিতা ভ্যান্সের জন্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তিনি এই সংঘাতের বিরোধিতা করে আসছেন। এমনকি শান্তি আলোচনায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত গ্রীষ্মে তিনি একটি স্বল্পস্থায়ী অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেছিলেন, যদিও তা বেশিদিন টেকেনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতেও তেহরানের নেতাদের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন ভ্যান্স। কিন্তু মধ্যবর্তী নির্বাচন নিয়ে তাঁর নিজস্ব মূল্যায়ন প্রকাশের পর ট্রাম্প এসব যোগাযোগ বন্ধ করে দেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।

সব মিলিয়ে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য কঠোর অবস্থানের বিপরীতে ভ্যান্সের সতর্ক ও কৌশলী বক্তব্য মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মতপার্থক্যকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে যুদ্ধের রাজনৈতিক মূল্য এবং ভবিষ্যৎ মার্কিন পররাষ্ট্রনীতিতে এর প্রভাব নিয়ে রিপাবলিকান শিবিরে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা নতুন করে আলোচনায় এসেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জন্মদিনে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১

আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের বিএনপি কার্যালয়

২

শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে

৩

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নতুন কাঠামো, দুই ফরম্যাটে বাবর-সালমান

৪

৮ দফায় সাড়ে ২৮ হাজার টাকা কমল স্বর্নের দাম

৫

‘ইত্যাদি’র নতুন পর্ব ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে

৬

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-ভ্যান্সের মতপার্থক্য প্রকাশ্যে

৭

জান্নাতের প্রাসাদ লাভ করতে শীতকালে যে ৪ আমল করবেন

৮

আকর্ষণীয় বেতনে ইবনে সিনায় চাকরি

৯

নড়াইলে সাবেক এমপি ও মেয়রের বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১০

ধানমন্ডিতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-ছেলের মৃত্যু

১১

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।