দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। টানা ৮ দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ টাকার কাছাকাছি দামে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকার কিছু বেশি দামে।
দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০ নভেম্বর সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।
গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ২৮ হাজার ৫০৮ টাকা।
বাজুস নির্ধারণ করা সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে এক লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি এক হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।